দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিপুল প্রামানিক নামে এক ধান-চাল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২২ মে) রাত ৯টার দিকে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের শাহানুরের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অপহৃত বিপুল প্রামানিক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের মৃত এতাজল হক প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় গাছুর বাজারে ধান-চালের ব্যবসা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার রাতে ব্যবসায়িক কাজে গাছুর বাজারে যাওয়ার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। পরে তাকে মারধর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃতের ছোট ভাই পাভেল মিয়া বলেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে আরিফুল ইসলামদের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আমার ভাইকে অপহরণ করা হয়েছে।
তিনি জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বিপুলের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অপহৃতের মেয়ে বিথী আক্তার বলেন, আমার বাবাকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন নম্বর থেকে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত আরিফুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জে আই